ভারতের দিল্লিতে সাত দিনের বিচারিক হেফাজত শেষে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা- আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। এনডিটিভি জানিয়েছে, গত বুধবার নয়াদিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে তারা যন্তর মন্তরে কোনো বিক্ষোভের ডাক না দেওয়ার জন্য লিখিত মুচলেকা দেন। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, দুই নেতাই শান্তিভঙ্গ না করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তারা অঙ্গীকার করেছেন যে, ভবিষ্যতে কোনো প্রতিবাদ করা হলে তা সম্পূর্ণ সাংবিধানিক সীমার মধ্যে থেকেই করা হবে।
যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে নিষিদ্ধ করার প্রতিবাদে গত ১৩ অক্টোবর দলটির নেতারা তালাবদ্ধ গেট টপকে ভেতরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ান। এর আগে গত ১০ অক্টোবর নির্বাচনী জালিয়াতির অভিযোগে প্রতিবাদের ডাক দেওয়ার সময় তাদের আটক করা হয় এবং সে সময় দেওয়া শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছিল।