রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে তারা আজ (শুক্রবার) সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ-উল-ইসলামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিজেদের দাবি-দাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। এরপর ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে গতকাল তারা কাজে যোগ দেননি। আজ সকাল থেকে তারা হাসপাতালে যোগদান করবেন।’
এর আগে পাঁচ দফা দাবিতে গত বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে সেবাপ্রার্থী রোগীরা ভোগান্তির মধ্যে পড়েন। ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছেÑ ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরের দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।
এদিকে, কর্মবিরতি প্রত্যাহারের পর ইন্টার্ন চিকিৎসক সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছেÑ ‘আমাদের ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যে ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক মহোদয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয় আমাদের দাবিগুলো পূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন।’