মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষে গোলাগুলি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামে জেলা বিএনপির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সমর্থক দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ আবু সাঈদ ও আহত সাইফুল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিস্ফোরণে সাইফুলের হাতের আঙুল উড়ে গেছে। অপর আহত মো. হৃদয়কে  স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় আটকরা হচ্ছেনÑ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিল্টন মল্লিক, মো. মুন্না ও আল-আমিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামনে এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের লোকজন মরিয়া হয়ে উঠেছে। আধিপত্য বিস্তারে গতকাল ভোর ৪টার দিকে পূর্ব মাকহাটি গ্রামে দুই পক্ষের লোকজন সংঘবদ্ধ হলে গোলাগুলির সূত্রপাত হয়। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তসলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত