রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনায় দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে সংযোগ স্বাভাবিক হয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রশাসনিক শাখাসংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যায়। এতে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগুন লাগার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা রোগীদের নিয়ে দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় অনেক রোগী ওয়ার্ড থেকে হাসপাতালের বাইরে যান। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পুনরায় রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে নেওয়া হয়।
এদিকে আগুন লাগার পর টানা ৬ ঘণ্টার প্রচেষ্টায় দুপুরের দিকে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোয় বিদ্যুৎ সংযোগ পুন ঃস্থাপন করা সম্ভব হয়। বিদ্যুৎ সচল হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়েছে। তবে এখনো প্রশাসনিক ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।