মঈন খানের অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের অবস্থা স্থিতিশীল। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে দেখে এসে সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে গতকাল তিনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।’ অধ্যাপক জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন আছেন। এদিকে সন্ধ্যায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। গত বুধবার রাতে বুকে ব্যথা ও কাশি নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

সর্বশেষ সর্বাধিক পঠিত