এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ। চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও চান তারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন অকৃতকার্য শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে কামাল আহমেদ মজুমদার স্কুলের আল-আমিন, সন্দ্বীপ পাবলিক স্কুলের ফুয়াদ ও একরামুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের আরিনা বক্তব্য দেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী রেবেকা সুলতানা। দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই একজন শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ, নিজেদের যোগ্যতা প্রমাণ এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। কোনো নিয়মবহির্ভূত সুবিধা নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক, বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সমাধান চান তারা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন; পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি ও যোগ্যতাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ; পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং দ্রুত ফল প্রকাশ।