প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা যুবক গ্রেপ্তার হয়েছেন। তার নাম আবু বকর। বাড়ি রাজশাহীর পবা এলাকায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজশাহী মহানগর পুলিশ ও এসআরবি-৫ এর সহযোগিতায় তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে ডিএমপি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।
‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
এই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা একটি মন্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে সমালোচনা শুরু হয়। ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এর পরই আবু বকরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।