মুরাদনগরে ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

কুমিল্লা জেলার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ মো. হোসেন (৫৯) নামে এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ১১টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী (সোনা মিয়ার বাড়ি) এলাকার মো. মজনু মিয়া সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় মৃত বাবুল মিয়ার ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী, এএসআই কাজী সুলতান আহম্মদসহ পুলিশের একটি দল ওই ভবনে বিশেষ অভিযান চালায়। এ সময় মো. হোসেনের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে। এর আগে থেকেই তার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

ওসি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত করতে মুরাদনগর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত