পাবনায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনারুল ইসলাম (২৪) নামে কুষ্টিয়ার এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সদর থানার চরকোষাখালী এলাকার একটি কালভার্ট সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তরুণ আনারুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চর সাদিপুর (দোতলা মসজিদ সংলগ্ন) এলাকার সরোয়ার প্রাং ও আম্বিয়া খাতুনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে—লঞ্চঘাট থেকে শিলাইদহঘাটগামী পাকা রাস্তার ওপর চরকোষাখালী এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন হিসেবে আনারুলকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তার পরনে থাকা জিন্স প্যান্টের সামনের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আনারুল স্বীকার করেছেন যে, বিক্রির উদ্দেশ্যেই তিনি ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
এ বিষয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুন্সীগঞ্জে এক হাজার ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার