গোসলে নেমে যুবক নিখোঁজ, ২৯ ঘণ্টায়ও সন্ধান মেলনি 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

‎‎গাইবান্ধা সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে লিয়ন হুদা (৩৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও ‎শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।  

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে। ‎নিখোঁজ লিয়ন হুদার বাড়ি গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়ায়। তিনি ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

‎স্বজনরা জানান, ঢাকা থেকে গত মঙ্গলবার ছুটিতে বাড়িতে আসেন লিয়ন মিয়া। পরের দিন বুধবার সকালে বড় ভায়রা মাকসুদ মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে লিয়নসহ চারজন কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠে আসতে পারলেও লিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। 
‎
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ‎‎গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়। পরে রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ৪০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করেন। 

সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন। শুক্রবার সকালে আবার উদ্ধার অভিযানে নেমে বিকেলে ৫টা ৪০ মিনিটে অভিযান সমাপ্ত করে ডুবুরি দল। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। সাধারণত ২৪ ঘন্টা পেরিয়ে গেলে লাশ পানির উপরে ভেসে আসে। 

তিনি আরও বলেন, গাইবান্ধায় জেলায় ডুবুরি ইউনিট নেই। এ কারণে রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

‎এদিকে, স্বজনের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদার নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত