মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে পদ্মা নদীর শিবচর উপজেলার অংশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযানকালে প্রায় ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় পুলিশ, মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পদ্মা নদীতে আমাদের নৌপুলিশ, উপজেলা মৎস্য অফিস ও আমরা সবাই মিলে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করি। এ সময় ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ছাড়াও প্রায় ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’