গাজীপুরে কারখানার গুদামে আগুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট ৯ ইউনিট কাজ করছে। 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয় ইউনিট। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই গোডাউনটিতে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কারখানার ওই গোডাউনে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। গোডাউনে মজুদ থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে সেখানে ৯টি ইউনিট কাজ করছে৷ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট ৯ ইউনিট কাজ করছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্লান্ট বা আশেপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্ব দিয়ে ফায়ার ফাইটাররা কাজ করছেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত