গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলা এলাকার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে গাড়ির কাচ ভাঙচুর করা হয়। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।