ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা লুটের চেষ্টার ঘটনায় ব্যাংকের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নিরাপত্তাকর্মীর নাম মো. মাজহারুল ইসলাম ওরফে সাগর (২২)। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সোহাগী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন জানান, এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কাউসার আহম্মেদের জবানবন্দিতে মাজহারুলের নাম উঠে আসে। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গত ২১ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা হয়। এ ঘটনায় কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। তার বাড়ি সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে।
স্থানীয়রা জানায়, ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয়। এ সময় নিরাপত্তাকর্মী বাঁধন চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তারা কাউসারকে আটক করেন।
ঘটনার পরদিন ব্যাংকের কর্মকর্তা নাজমুল হক ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।
এক পুলিশ সদস্য জানান, কাউসারকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হাতুড়ি, চাকু, বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও হেক্সোব্লেড জব্দ করা হয়।
ওসি সাজ্জাদ রোমন বলেন, কাউসারের জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে ডাকাতিচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার