গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যসহ বিশিষ্টজনরা। একই সঙ্গে তারা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ মূল্যায়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও গাজীপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বিআরটি প্রকল্পের সমস্যা ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ফোরামের সভাপতি ফয়সাল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান। প্রবন্ধে শিল্পবর্জ্য ও অপরিকল্পিত কলকারখানার কারণে গাজীপুরে পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে কারখানার শৃঙ্খলার পাশাপাশি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলে গাজীপুরের পরিবেশ রক্ষা করার কথাও বলা হয়। তা ছাড়া যানজট, মাদক, কিশোর গ্যাং, সড়কে বর্জ্য ফেলা, ছিনতাই, জলাবদ্ধতা, অপরিকল্পিত শিল্পায়ন, রেলস্টেশনের অকার্যকারিতা, বনভূমি দখল ও কৃষিজমি ভরাটসহ গাজীপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সেই সঙ্গে ৯৭ শতাংশ কাজ শেষে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত গাজীপুরসহ ১৮ জেলার মানুষের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য কতটা প্রতিবন্ধকতা তৈরি করছে সে বিষয়টিও তুলে ধরা হয়।
মূল প্রবন্ধে বিআরটি প্রকল্পের জন্য নির্মিত বিভিন্ন স্থাপনায় অপরাধমূলক কর্মকা-, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা এবং শ্রীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের আবাসন ও নিরাপদ যাতায়াতের সংকটের কথা তুলে ধরে শ্রীপুরের সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন কার্যকর করা এবং প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার সুপারিশ করা হয়। তা ছাড়া কালিয়াকৈরে বনভূমি দখল এবং কালীগঞ্জে আবাসন প্রকল্পের নামে কৃষিজমি, খাল-বিল ও অন্যান্য জলাভূমি ভরাটের বিষয়েও উদ্বেগ জানানো হয়।
বিআরটি নিয়ে স্বচ্ছ মূল্যায়নের সুপারিশ : বিআরটি প্রকল্প বাতিল ও নির্মিত অবকাঠামো ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। সেমিনারে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের ইঞ্জিনিয়ার মো. শামসুল হক, সংগঠনের দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ প্রমুখ।