গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ নামের এক বাস মালিক নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত শেখ (৬০) কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, রবিবার সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের বাসটি মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করলে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়। এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।