সাংস্কৃতিক আয়োজনে বাধার প্রতিবাদী মানববন্ধনও হতে পারেনি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ এএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধনে বাধা পুলিশের। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টায় ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

কর্মসূচিতে অভিনেত্রী ও মডেল সুমনা সোমা, অভিনেত্রী ও নাট্যনির্দেশক শামীমা শওকত লাভলী, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ কয়েকজন অংশ নিতে আসেন। পরে ‘জয় বাংলা’ সেস্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দীপক শীলকে আটক করে নিয়ে যায় পুলিশ।

সুমনা সোমা দেশ রূপান্তরকে বলেন, ‘দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশের একজন সদস্য বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ করেছি। পরে পুলিশ দীপক শীলকে ধরে নিয়ে গেছে।’ অভিনয়শিল্পী ও নির্দেশক শামীমা শওকত লাভলী বলেন, পুলিশের বাধায় কর্মসূচি করা গেল না।’ সাংস্কৃতিক কর্মী ফারুক এইচ খান বলেন, বাউল সংগীতের অনুষ্ঠান বন্ধ, শিল্পী-জনতার কর্মসূচিতে বাধা এবং মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা নিন্দনীয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত