ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠক

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ এএম

সৌদি আরবের সঙ্গে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লড়াই দিন দিন বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক সমন্বয় ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির তিন দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিরা। এ বিষয়ে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি জানায়, এ বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের পক্ষে ছিলেন সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ ছাড়া তুর্কি গোয়েন্দা সংস্থার প্রধানও উচ্চপর্যায়ের এ বৈঠকে অংশ নেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলি বাকেরি কানি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিকল্পিত এই বৈঠকটি মক্কা চুক্তির তিন সদস্য দেশের সঙ্গে ইরানের প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। এ বিষয়ে জানতে চাইলে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সৌদি সরকারের মিডিয়া অফিস, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র (আইএসপিআর) এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের শুরুর দিকে মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর মন্ত্রীরা রিয়াদে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে সৌদি আরবে সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে একমত হয় দেশগুলো। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং সৌদি-হুতি সংঘাত আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলেছে। বৃহত্তর এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব ব্যাপক চাপের মুখে পড়েছে।

সৌদির তেল স্থাপনা-বিমানবন্দরে হামলা : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানোর দাবি করেছে হুতিরা। ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। তবে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবির বিষয়ে সৌদি কর্র্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি। এ ছাড়া সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেলের পাম্পিং স্টেশনগুলোয় বেশ কয়েকটি ড্রোন হামলার কথাও জানান হুতিদের মুখপাত্র। এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী সানায় তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত