দুই কোরিয়ার সীমান্ত উত্তেজনা তুঙ্গে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ এএম

সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি হাউইটজার (সামরিক কামান) বসানোকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভারী অস্ত্রে সজ্জিত সীমান্ত এলাকার কাছে সুস্পষ্টভাবে দৃশ্যমান স্থানে উত্তর কোরিয়ার একটি কামান বসানো আছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউনহাপ জানায়, অস্ত্রটি ১২২ মিলিমিটারের স্বচালিত হাউইটজার। সীমান্তের কাছে এমন কামানের প্রকাশ্য প্রদর্শন বিরল বলে সংস্থাটি উল্লেখ করেছে। রয়টার্স আরও জানিয়েছে, দক্ষিণ দিকে কামানের নল তাক করা উত্তর কোরিয়ার তিনটি সাঁজোয়া যান রয়েছে সেখানে।

পাশাপাশি অসামরিক অঞ্চলের (ডিএমজেড) ভেতরে ২০ থেকে ৩০ জন উত্তর কোরিয়ার সেনা বেড়া নির্মাণের কাজ করছিলেন। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে দক্ষিণ ও উত্তর কোরিয়া। গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে সিউলের পাঠানো চিঠির জবাবে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি বলেছেন, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এর পরিণতির সম্পূর্ণ দায় দক্ষিণ কোরিয়ার ওপর বর্তাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত