হামজার সঙ্গে খেলতে মুখিয়ে তরুণ মাহি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

মাত্র ১৮ বছর বয়সেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিনিয়র ক্যাম্পে প্রথমবার ডাক পেয়েছেন মাহি খান। তরুণ এ ফরোয়ার্ডের চোখ এখন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপায়। তবে শিরোপার স্বপ্নের পাশাপাশি তার রোমাঞ্চের আরেকটি বড় কারণ শৈশবের আদর্শ হামজা চৌধুরীর সঙ্গে একই দলে খেলার সুযোগ। সাফ সামনে রেখে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। গতকাল সোমবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন ২৩ জন ফুটবলার। প্রথমবার সিনিয়র দলের ক্যাম্পে সুযোগ পেয়ে নিজের আনন্দ ও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মাহি। তিনি বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। মাত্র ১৮ বছর বয়সে প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলের ক্যাম্পে ডাক পেয়েছি। এতে আমি নিজে যেমন গর্ববোধ করছি, ঠিক তেমনি আমার পরিবারের সবাই ভীষণ খুশি।’

বাংলাদেশের আক্রমণভাগে প্রকৃত নম্বর নাইন বা গোলমুখী স্ট্রাইকারের অভাব পূরণের লক্ষ্যেই মাহিকে দলে ডেকেছেন কোচ টমাস ডুলি। নিজের ওপর আস্থা আছে এ তরুণেরও। তার বিশ্বাস, কোচের পরিকল্পনা মাঠে ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে গোল পাওয়া সম্ভব। মাহি বলেন, ‘আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। ক্যাম্পে আসার আগেও ব্যক্তিগতভাবে অনেক কঠোর পরিশ্রম করেছি। কোচ আমার কাছে কী প্রত্যাশা করছেন, তা আমি স্পষ্ট জানি। মাঠে তার পরিকল্পনা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করব। আশা করি, গোল পাব।’ গুরুত্বপূর্ণ এ পজিশনে খেলার চাপ অবশ্য স্বীকার করেছেন মাহি। তবে নিজের সামর্থ্যরে ওপর বিশ্বাস থাকায় খুব বেশি নার্ভাস নন তিনি। একাদশে সুযোগ পেলে সেরাটা দেওয়াই তার লক্ষ্য।

মাহির কাছে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর সঙ্গে খেলার সুযোগটি বিশেষ কিছু। ছোটবেলা থেকেই লেস্টার সিটিতে হামজার খেলা দেখেছেন তিনি। লেস্টার তার বাসার কাছাকাছি হওয়ায় ইংল্যান্ডে বেড়ে ওঠার সময় থেকেই হামজার প্রতি তার আগ্রহ তৈরি হয়। মাহি বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। ছোটবেলা থেকেই লেস্টার সিটিতে হামজার খেলা দেখে আসছি। সেই ছোটবেলা থেকে যাকে দেখে বড় হয়েছি, এখন তার সঙ্গে একই দলে খেলার সুযোগ এসেছে— এটি আমার জন্য বিশাল এক সম্মানের ব্যাপার।’ হামজার অভিজ্ঞতা থেকে শেখার সুযোগকেও বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি। তবে ব্যক্তিগত রোমাঞ্চের চেয়ে দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মাহির আশা, সবাই কঠোর পরিশ্রম করলে বাংলাদেশ এবার সাফের শিরোপা জিততে পারবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত