দাম্পত্য কলহের সালিশ শেষে থানা ফটকে সংঘর্ষ, গ্রেপ্তার ৫

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ নিরসনে সালিশি বৈঠক শেষে থানা থেকে বের হওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে থানার প্রধান ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আলাউদ্দিন সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মুছাপুর ইউনিয়নের চর ছোটধলী এলাকার দুবাই প্রবাসী আলাউদ্দিন সোহেলের সাথে এক বছর আগে মোবাইল ফোনে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তার ফারজাহানার বিয়ে হয়।

তিন মাস আগে সোহেল দেশে ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ সমস্যা সমাধানে সোমবার রাতে দুই পক্ষ থানায় সালিশি বৈঠকে বসে। বৈঠকে উভয় পক্ষ স্থানীয়ভাবে অথবা লিগ্যাল এইডের মাধ্যমে বিষয়টি সমাধানের বিষয়ে সম্মত হয়। এরপর বৈঠক শেষ হয়।

ওসি জানান, বৈঠক শেষে থানা থেকে বের হওয়ার সময় প্রধান ফটকে সোহেল ও ফারজাহানার ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়ে। এতে অন্তত ছয়জন আহত হন। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সোহেল ও তার শ্যালকসহ দুই পক্ষের পাঁচজনকে আটক করা হয় বলে জানান ওসি।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত