ত্রিশালে কনস্ট্রাকশন ইয়ার্ডে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেড’-এর বাউন্ডারির ভেতর থেকে প্রায় ৪৬ লাখ ৮০ হাজার টাকার নির্মাণসামগ্রী ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

 এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১ অক্টোবর সন্ধ্যা থেকে পরদিন ভোররাতের মধ্যে ত্রিশালের ২ নম্বর বৈলর ইউনিয়নের মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের ইয়ার্ডে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দুটি ট্রাকে এসে পাহাদারদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা ইয়ার্ড থেকে বিপুল পরিমাণ এম.এস পাইপ, স্টীল শাটার, স্টীল জয়েন্ট, জানালার গ্রীল, নগদ ৩৫ হাজার টাকা এবং ৯টি মোবাইল ফোনসহ মোট ৪৬ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

​এ ঘটনায় ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেড’-এর ডিরেক্টর (অপারেশন) মো. মোখছেদুর রহমান বাদী হয়ে ৩ অক্টোবর ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। ​এরপর তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে পর্যায়ক্রমে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান চারজন হলেন- জামালপুরের মো. সেকত ওরফে সাখায়াত (২৪), বরিশালের মো. বাদল ওরফে আসলাম (২৮), ময়মনসিংহের ট্রাক চালক মাসুদ মিয়া (৩৫) এবং ঠাকুরগাঁওয়ের মো. ফরিদ হোসেন (৪৫)।

​পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন নাওজোড় এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭২৫০) উদ্ধার করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকার ‘আর.আই.সি লোহার কোম্পানি’ থেকে লুণ্ঠিত ৬ পিস এম.এস পাইপ উদ্ধার করে পুলিশ।

​ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মদ সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাতে চারজন এবং এর আগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত