আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ নিয়ে ম্যারিকোর ‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫ শুরু

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

দেশের তরুণদের নেতৃত্বের দক্ষতা বিকাশ ও বৈশ্বিক কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে ‘ওভার দ্য ওয়াল’-এর পঞ্চম আসর শুরু করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এবারের আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড ৭ হাজার ৬০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। প্রতিযোগিতার বিজয়ী দল পাবে সম্পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ।

ম্যারিকো বাংলাদেশের এই মেধা বিকাশ কর্মসূচির লক্ষ্য, তরুণদের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তোলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শেখার পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ পাবেন।

কর্মসূচির অংশ হিসেবে থাকবে ব্যবসায়িক সমস্যা সমাধানের প্রতিযোগিতা, পরামর্শমূলক অধিবেশন, নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং ম্যারিকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচালনায় বিশেষ পাঠ। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান ও ব্যবহারিক ব্যবসায়িক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারীরা নিজেদের ধারণা পরিমার্জন করবেন এবং বাস্তব ব্যবসায়িক সমস্যার কার্যকর সমাধান তৈরি করবেন। চূড়ান্ত পর্বে সেরা দলগুলো বৈশ্বিক মঞ্চে ব্যবসায়িক খাতের অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে নিজেদের ধারণা উপস্থাপন করবে।

বিজয়ী দল সম্পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পাবে। এর আগে তৃতীয় আসরের বিজয়ীরা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন। এ ধরনের অভিজ্ঞতা তরুণদের আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন এবং পেশাজীবনের শুরুতেই নিজেদের দক্ষতা বিকাশে সহায়তা করে। এ ছাড়া সেরা দুটি দল ম্যারিকো বাংলাদেশে ইন্টার্নশিপ এবং সেরা তিনটি দল আকর্ষণীয় অর্থ পুরস্কার পাবে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক কে এম সাব্বির আহমেদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তরুণরা বিশ্বের যেকোনো প্রান্তের সেরা মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা রাখে। তাদের প্রয়োজন শুধু নিজেদের সম্ভাবনা তুলে ধরার সঠিক প্ল্যাটফর্ম। ‘ওভার দ্য ওয়াল’ তরুণ মেধাবীদের সাহসী স্বপ্ন দেখার, নির্ভয়ে নতুন কিছু গড়ার এবং নিজেদের ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে। এর পুরস্কার হিসেবে তারা আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা বৈশ্বিক কর্মপরিবেশে কাজ শিখতে এবং পেশাজীবনের প্রথম ধাপেই আন্তর্জাতিক পরিসরে নিজেদের ভাবনার পরিধি বাড়াতে পারবে।’

‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫-এর মাধ্যমে শিল্প খাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতের জন্য দক্ষ ও মেধাবী তরুণদের প্রস্তুত করতে কাজ করছে ম্যারিকো বাংলাদেশ। বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধান তৈরির সুযোগ দেওয়ার পাশাপাশি কর্মসূচিটি তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথও তৈরি করছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত