যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় প্রকাশ করা হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফল প্রকাশের পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে একযোগে ফল জানা যাবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করে প্রকাশ করতে হবে। এ জন্য https://eduboardresults.gov.bd এবং  https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ কর্নারে ক্লিক করতে হবে। এরপর শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এ জন্য HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এখানে ১২৩৪৫৬-এর জায়গায় নিজের রোল নম্বর লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

এদিকে, ফলাফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত