সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার কারণে স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, এ ধরনের গ্রেপ্তারের ফলে মানুষের কথা বলার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী রমজানে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে তার।
তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি।
শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব পেশার মানুষের বেতন-ভাতার মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।