এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে ফল প্রকাশের নির্ধারিত তারিখ নিয়ে গত কয়েক দিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা।

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানোর কথা বলা হয়েছিল। তবে সোমবার (২৬ অক্টোবর) ফল প্রকাশের সময় ও পদ্ধতি জানিয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে নির্ধারিত দিনে ফল প্রকাশ নিয়ে সংশয় তৈরি হয়। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর  প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ফল প্রকাশের ঠিক আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লায় বদলি করা নিয়েও প্রশ্ন উঠেছে। গত ২৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত