শিক্ষা ও দক্ষতার অভাবে বেকারত্ব বাড়ছে: সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম

একসময় পরীক্ষার খাতায় না লিখলেও শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার এমন পরিস্থিতির কারণে বর্তমানে তরুণদের হাতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ঘাটতি রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে আয়োজিত ৯ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার মান ও তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, যথাযথ শিক্ষা ও দক্ষতার অভাবেই দেশে বেকারত্ব বাড়ছে। আর এই বেকারত্ব ও হতাশার সুযোগ কাজে লাগিয়ে দেশজুড়ে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে।

শিক্ষার মানোন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে জাতীয় বাজেটের প্রায় এক-চতুর্থাংশ শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী শিক্ষক নিয়োগ এবং তাদের বেতন-ভাতা বাড়ানোর বিশেষ পরিকল্পনাও নিয়েছে সরকার।

তরুণ প্রজন্মকে আগামী দিনের সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গ্রাম ও শহরের সব শিশুকে এখন থেকেই বই পড়া, নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে মেধাবী মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

উদ্বোধনী আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আয়োজকেরা জানান, রাজশাহীর কালেক্টরেট মাঠে শুরু হওয়া বিভাগীয় বইমেলা আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত