রাজনগরে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

মৌলভীবাজারের রাজনগরে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি অপি মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-৯)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এসএআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার অপি মিয়া রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের জয়নু উদ্দীনের ছেলে।

এসএআরবি-৯ জানায়, বুধবার (২৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী অপি মিয়া তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর এসএআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে এসএআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল রাজনগর থানার পাঁচগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি অপি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত