কুড়িগ্রামে মাদকসহ আইনজীবী দম্পতি আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁদের সঙ্গে আরও একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার ওয়াপদাপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকার আইনজীবী মো. আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০টি ইয়াবা ট্যাবলেট, তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১৯৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। এ ছাড়া পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক তিনজনকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত