শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় লাইফ জোন হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জাজিরা উপজেলার কালু বেপারী কান্দি এলাকায় পদ্মা সেতু হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম পটুয়াখালী জেলার দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, কালু বেপারী কান্দি এলাকায় হাইওয়ে সড়কের পাশে নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী ওঠানো হচ্ছিল। এ সময় পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেস নামের আরেকটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। আহত হন দুই বাসের অন্তত সাত যাত্রী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লাইফ জোন হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।
পরে শিবচর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।