চন্দনাইশে বার আউলিয়া বেকারি ও কাশবন হোটেলকে জরিমানা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে ভেজালবিরোধী অভিযানে বার আউলিয়া বেকারি ও কাশবন হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ ও চন্দনাইশ সদর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

প্রশাসন সূত্রে জানা যায়, ছৈয়দাবাদের বার আউলিয়া বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানে বেকারিটিতে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অ্যামোনিয়া, নিষিদ্ধ কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চন্দনাইশ সদরের কাশবন হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে একই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. আবদুর রহমান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত খাবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত