তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশে-বিদেশে নানা ধরনের আলোচনা হচ্ছে এবং এ প্রকল্প ঘিরে অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইতোমধ্যে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট নথিতে স্বাক্ষর করেছেন। অর্থমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে স্বাক্ষর করলে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির জন্য বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এ প্রক্রিয়ায় প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এরপর শুরু হবে দরপত্র প্রক্রিয়া। এসব ধাপ সম্পন্ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর প্রধান প্রকৌশলীর দপ্তরের (উত্তরাঞ্চল) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোহা. সরফরাজ বান্দা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. আহসান হাবিব ও মো. মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত