খিলক্ষেতের নূরাইন ইসলাম রাহা আর নেই, এলাকাজুড়ে শোকের ছায়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার বোটঘাট এলাকার বাসিন্দা এবং বিএনপির স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব ডিএম নজরুল ইসলামের একমাত্র মেয়ে নূরাইন ইসলাম রাহা (২৮) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে ভারতের কলকাতা থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাহা ক্যানসারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কয়েক দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভারতের কলকাতায় যান। চিকিৎসা শেষে দেশে ফেরার পথেই তার মৃত্যু হয়। নিজ দেশের মাটিতে ফিরলেও আর ফেরা হলো না প্রিয় বাড়িতে—পরিবারের কাছে তার এই বিদায় হয়ে রইল এক অপূরণীয় বেদনার স্মৃতি।

নূরাইন ইসলাম রাহার ১০ বছরের দাম্পত্য জীবন ছিল। তবে তিনি নিঃসন্তান ছিলেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর খিলক্ষেতের নামাপাড়া ও বোটঘাট এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে নেমে আসে গভীর শোক। পরিবারের একমাত্র মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তার স্বজনেরা।

আজ রাত ১২টায় জানাজা 

মরহুমা নূরাইন ইসলাম রাহার জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১২টায় খিলক্ষেতের বোটঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির শোক প্রকাশ

নূরাইন ইসলাম রাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত।

এক যৌথ শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি তার পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত