গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আনারুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনারুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে একটি ট্রেনের বগি থেকে চিৎকার শুনে লোকজন এগিয়ে যান। এ সময় তারা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। তার পেটের কাছে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তবে তিনি ট্রেনের ভেতরে, নাকি ট্রেনের ওপর থাকা অবস্থায় আঘাত পেয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. অনিক সরকার জানান, গুরুতর আহত অবস্থায় লোকজন আনারুলকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে ছুরি বা ধারালো কোনো বস্তুর আঘাত ছিল। পরে শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তোফায়েল হোসেন জানান, রোগীর অবস্থা বিবেচনায় দ্রুত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আঘাতের গভীরতা অস্ত্রোপচারের আগে নিশ্চিতভাবে বোঝা সম্ভব নয়। তার পিঠের পেছনের দিকে আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে রক্তচাপও অনেক কমে গিয়েছিল। এ কারণে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার আলমগীর হোসেন জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর তিস্তা এক্সপ্রেস রাত আটটার পর শ্রীপুর স্টেশনে পৌঁছায়। এ সময় ময়মনসিংহগামী আন্তনগর যমুনা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং থাকায় তিস্তা এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়েছিল। ফলে আহত ব্যক্তি স্টেশনে নামার সুযোগ পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, তিস্তা এক্সপ্রেসের শ্রীপুর স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি নেই। ট্রেন দুটি ক্রসিং করার কারণে সেখানে দাঁড়িয়েছিল। তবে আনারুল ট্রেনের ভেতরে, নাকি ট্রেনের ওপর থাকা অবস্থায় আঘাত পেয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।