দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে কি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫১ এএম

বিয়ের ক্ষেত্রে ইসলামের বেশ কিছু সুস্পষ্ট বিধিনিষেধ রয়েছে। এর মধ্যে একটি হলো, একই সময়ে আপন দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ। এ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘দুই বোনকে একত্র (বিয়ে করা) তোমাদের জন্য হারাম করা হয়েছে।’ (সুরা নিসা ২৩)

এ বিধান অনুযায়ী, কোনো পুরুষ একই সময়ে আপন দুই বোনকে বিয়ে করতে পারবেন না। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণের আগে দুই বোনকে বিয়ে করে থাকলেও ইসলাম গ্রহণের পর তাদের দুজনকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখতে পারবেন না।

স্ত্রী থাকা অবস্থায় তার ফুফু বা খালাকে বিয়ে করাও বৈধ নয়। একইভাবে স্ত্রীর ভাইয়ের মেয়ে বা বোনের মেয়েকেও স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করা নিষিদ্ধ। কারণ, ইসলামে এমন দুই নারীকে একসঙ্গে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ, যাদের একজনকে পুরুষ হিসেবে ধরে নিলে অন্যজন তার মাহরাম হতেন।

সুতরাং ইসলামের বিধান অনুযায়ী, আপন দুই বোনকে একই সময়ে স্ত্রী হিসেবে রাখা হারাম। তবে একজনের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটলে অন্য বোনকে বিয়ে করার সুযোগ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত