ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে আগে থেকে সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর দাবি, নির্বাচনে সরকার প্রভাব বিস্তার করেছে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের আহত করা হয়েছে।
রাজধানীর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুম-খুনের ঘটনা, জ্বালানি সংকট এবং নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গণবিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে আখতার হোসেন বলেন, এ মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের একাংশ উল্লাস প্রকাশ করছে।
তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন। সংকটের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের আহ্বান জানানোর কথাও বলেন তিনি।