ইঞ্জিন ছাড়াই ছুটল বগি, অল্পের জন্য রক্ষা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ এএম

ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করার পর আপনা-আপনি পেছনের দিকে ছুটতে শুরু করে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগিগুলো। স্টেশন পার হয়ে বগিগুলো আউটার এলাকায় পৌঁছে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গার্ডরুমের হার্ডব্রেক চেপে বগিগুলো থামানো হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান কয়েক শ যাত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর ভৈরব রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য একটি ইঞ্জিন দিয়ে বগিগুলো প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়। এ কারণে ট্রেনটি দুই ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন বিদেশগামী যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়।

এ বিষয়ে ট্রেনের কর্তব্যরত গার্ড উমর আলী বলেন, গার্ডরুমের হার্ডব্রেক টানার সঙ্গে সঙ্গেই বগিগুলো থেমে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই একের পর এক ট্রেন চলাচল করায় বগিগুলো ফিরিয়ে আনতে এক ঘণ্টা সময় লাগে। পরে দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার পথে ছেড়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত