এবার ঠাকুরগাঁওয়ে জয়ী ও পরাজিত প্রার্থীর কোলাকুলি

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এরপর শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের হাজীপাড়া এলাকায় নির্বাচনে পরাজিত প্রার্থী জামায়াতের দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। সেখানে দুই প্রার্থী কুশল বিনিময় করেন এবং কোলাকুলি করেন।

পরে দেলাওয়ার হোসেনের ঘরে বসে দুই নেতা একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একে অপরকে সহযোগিতা, পরামর্শ এবং একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Thakurgaon

এর আগে, এই উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।। 

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ভোটের ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮৩৬ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ভোট পেয়েছেন ৪৫০।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত