আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারছিল না পাকিস্তান। ২০২২ সালের ৪ সেপ্টেম্বরের পর থেকে কেটে গেছে চার বছরেরও বেশি সময়, কিন্তু ভারতের বিপক্ষে জয়ের দেখা পাচ্ছিল না তারা। তবে আজ, হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪ উইকেটে উড়িয়ে দিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে এসেছে পাকিস্তান।
মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানের লক্ষ্য দিলেও ক্রুনাল পান্ডিয়ার এক ওভারে ৩১ রান খরচ হওয়ায় ৪ উইকেটের সহজ জয় তুলে নেয় পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বোলিং ইনিংস শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিশেষ করে ক্রুনাল পান্ডিয়ার একমাত্র ওভারটিতে পাকিস্তানি ব্যাটাররা তাণ্ডব চালান। ওই ওভার থেকে ৩১ রান আসার পর ম্যাচ পুরোপুরি ভারতের হাত থেকে ছিটকে যায়। ক্রুনালের পর বল করতে এসে টি নটরাজনও ছিলেন সমান খরুচে, তিনি নিজের ওভারে দেন ২৮ রান। ভারতের হয়ে শশাঙ্ক সিং ও রাহুল তেওয়াতিয়া একটি করে উইকেট নিলেও পাকিস্তানের জয় আটকাতে তা মোটেও যথেষ্ট ছিল না।
৮৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার খাজা নাফে ও অধিনায়ক আব্বাস আফ্রিদি শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি শুরু করেন। মাত্র ১৩ বলে এই জুটি স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করে। নাফে মাত্র ১২ বলে ৪১ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। অন্যদিকে অধিনায়ক আফ্রিদি মাত্র ৮ বলে খেলেন ৩৫ রানের বিধ্বংসী ইনিংস। ফলে ১৩ বল বাকি থাকতেই সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান।
দিনের শুরুতে পাকিস্তানের জন্য ধাক্কা ছিল সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ উইকেটের হার। তবে ভারতের বিপক্ষে এই বড় জয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। অন্যদিকে, পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় ভারতের নকআউট পর্বের রাস্তা কিছুটা কঠিন হয়ে গেল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতকে এখন আরব আমিরাতের বিরুদ্ধে কেবল জিতলেই হবে না, রান রেটের দিকেও কড়া নজর রাখতে হবে।
১২৭ রান করেও শ্রীলঙ্কার কাছে হারল সোহান-সাব্বিররা