এলিজা জামানের মনোনয়নে বিএনপি অফিসের সামনে আনন্দ মিছিল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

রাজপথের ত্যাগী ও বারবার কারাবরণকারী বিএনপি নেত্রী এলিজা জামান। তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। সেই ত্যাগী নেত্রী এলিজা জামানকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (আসন-২৩) এর জন্য মনোনীত করা হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজধানী ঢাকায় আনন্দ মিছিল করেছেন ঢাকার জাতীয়তাবাদী দলের নেতারা।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কাকরাইল মোড় প্রদক্ষিণ করে পুনরায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুরের কৃতী সন্তান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক আলহাজ মো. জহিরুল ইসলাম কলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালেহ আহম্মেদ কাঞ্চন। এ সময় বক্তব্য রাখেন ঢাকার জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতারা।

এসময় বক্তারা এলিজা জামানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের প্রতি আনুগত্য এবং রাজপথের আন্দোলনে তাঁর ত্যাগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা মোকাবিলা করে এলিজা জামান দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মনোনয়ন পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।

বক্তারা এলিজা জামানকে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা এলিজা জামানের আগামী দিনের রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।

আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত বক্তব্য পর্বে ঢাকার জাতীয়তাবাদী দলের নেতাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত