জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

​জয়পুরহাটের কালাই উপজেলায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

​শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। এ ঘটনায় আহত সোহরাব হোসেন (৫২) চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যায় কালাই উপজেলার সরাইল এলাকায় জয়পুরহাটমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়।

​খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায়  তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পা বিচ্ছিন্ন হওয়া গুরুতর আহত এনামুল হক মারা যান। অপর আহত সোহরাব হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালাই থানার তদন্ত ওসি) মো. ইমায়েদুল জাহেদী জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা ঘটানোর পর থেকেই ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত