ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) জাতীয় সদর দপ্তর, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। সোমবার (২ নভেম্বর) সকাল ১১ টায় ‘ডেঙ্গু রেসপন্স অপারেশন ২০২৬-এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির (অব.) পরিচালক স্বাস্থ্য বিভাগ মিস শেভাল-হেড অব ডেলিগেশন আইএফআরসি, সায়মা ফেরদৌসি-পরিচালক যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ, আমেরিকান রেড ক্রস, সুইস রেড ক্রস এর কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ।  

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আহ্বানের পর থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের পাশে থেকে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, ‘ডেঙ্গু রেসপন্স অপারেশন ২০২৬-এর আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ১৫টি জেলা ইউনিটে ইতোমধ্যে ৭১৩টি পরিচ্ছন্নতা অভিযান, ১৭৯টি মাইকিং, বাড়ি বাড়ি ও স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমে প্রতিদিন ৪০০-এর বেশি যুব স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করছেন। সম্প্রতি ৫০ হাজার NS1 পরীক্ষার কিট, ৭০ হাজার ব্যাগ নরমাল স্যালাইন ও ১৫ হাজার ব্যাগ বেবি স্যালাইন রোগ নিয়ন্ত্রন বিভাগ, ডিজিএইচএস এর কাছে হস্তান্তর করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত ২,৫০০ জন রোগীর পরিবারকে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। 

চেয়ারম্যান আরও বলেন, “সোসাইটির কার্যক্রম শুধু ১৭টি নির্ধারিত ইউনিটে সীমাবদ্ধ নয়; অন্যান্য জেলার ইউনিটগুলোও নিজস্ব উদ্যোগে সরকারের ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতা করছে। ডেঙ্গু ও হামসহ বিভিন্ন জরুরি মানবিক সাড়াদান কার্যক্রমে সহযোগিতার জন্য আইএফআরসি এবং অন্যান্য সহযোগী ন্যাশনাল সোসাইটির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

যুব স্বেচ্ছাসেবকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রতিটি কার্যক্রমের মূল শক্তি যুব স্বেচ্ছাসেবকরা। তাদের নিরলস প্রচেষ্টাতেই মাঠপর্যায়ে কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।” 

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান মানবিক কার্যক্রম ও স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকারের পাশাপাশি মুভমেন্ট পার্টনারসদের সহযোগিতায় মানুষের পাশে থাকতে বিডিআরসিএস প্রতিশ্রুতিবদ্ধ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত