নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অমিও কুমার নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত অমিও কুমার বাগাতিপাড়া উপজেলার বিহারকোল মহল্লার মৃত কার্তিক সরকারের ছেলে। তিনি বিহারকোল বাজারে চায়ের দোকান চালাতেন।
এর আগে একই দিন ভোরে বাড়ি থেকে চায়ের দোকানে যাওয়ার পথে বিহারকোল বাজারে একটি ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, সড়ক দুর্ঘটনায় অমিও নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে রাজশাহীর সংশ্লিষ্ট থানা থেকে এখনো কোনো বার্তা আসেনি। বার্তা পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।