সেরা পাঠাগার সংগঠকের সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন–২০২৬-এ ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেয়েছেন নাটোরের সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এবং রানা প্রকাশনীর প্রকাশক ও রানানগর পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা। সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা ও গ্রন্থাগার আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গতকাল শনিবার দিনব্যাপী বজলুর রহমান গ্রন্থাগারের আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমিতে পাঠক সম্মেলন–২০২৬-এ সাহিত্য, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। 

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রংপুর বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং দিনাজপুরের বিশিষ্ট কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসসহ রংপুরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মেলনে পাঠাভ্যাস বিস্তার, গ্রন্থাগারকেন্দ্রিক জ্ঞানচর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের আয়োজন পাঠকসমাজকে সংগঠিত করার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মোল্লা মো. এমরান আলী রানা সিংড়া প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রানা প্রকাশনী ও পাঠাগারের মাধ্যমে বই ও পাঠাভ্যাসকেন্দ্রিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তার এ অর্জনে সিংড়ার সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও পাঠকসমাজের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

সাহিত্য ও জ্ঞানচর্চার প্রসারে তার অব্যাহত প্রচেষ্টা আগামী দিনে আরও মানুষকে বই পড়া এবং গ্রন্থাগারমুখী হতে অনুপ্রাণিত করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত