মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠক

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘পার্লামেন্টারি ককাস অন হিউম্যান রাইটস অ্যান্ড পিস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ককাসের সভাপতি ফাহিমা নাসরিন এমপির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ককাসের পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে ককাসের সদস্য হুমাম কাদের চৌধুরী এমপি, সাঈদ আল নোমান এমপি, মীর আহমাদ বিনকাসেম এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান এমপি, মো. আবুল হাসনাত এমপি, জহরত আদিব চৌধুরী এমপি, সানজিদা ইসলাম এমপি ও আন্না মিনজ এমপি অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এ সময় গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৈঠকে ককাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যারা এর শিকার হয়েছেন, তাদের চিহ্নিত করে একটি গ্রহণযোগ্য চিত্র তুলে ধরতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সচেতন ও সজাগ থেকে কাজ করাই এই ককাস গঠনের উদ্দেশ্য। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনকারীরা যাতে ভুক্তভোগী সাজার চেষ্টা না করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ককাসের কার্যক্রম গতিশীল করতে নির্বাহী বিভাগকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, বাংলাদেশে এর আগে এ ধরনের সংসদীয় ককাস গঠিত হয়নি। তাই এটিকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে দলগতভাবে কাজ করতে হবে।

এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে ককাসকে শক্তিশালী কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে ককাসের কর্মপরিধি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এ জন্য মানবাধিকার নিয়ে কাজ করা জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন, সংস্থা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়ানো, সভা-সেমিনার আয়োজন ও গবেষণাকাজে ককাসের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সভাপতি ও সদস্যরা।

এ সময় সদস্যরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার এবং নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় ককাস কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত