যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির এই নেতা সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার মতো সামর্থ্য ইসরায়েলের নেই। তিনি ক্ষমতায় থাকলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়বে, গণতন্ত্র বিপন্ন হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ধ্বংস হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লাপিদ এ মন্তব্য করেন। ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি, গাদি আইজেনকোটের জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে।
চূড়ান্ত হিসাবে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ। কয়েক দশকের মধ্যে এটিই সর্বোচ্চ ভোটের হার। ভোট দিয়েছেন মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন। পূর্ণাঙ্গ ফলাফল গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তরের কথা। এর আগে কোনো ভুল বা অভিযোগ নিয়ে চূড়ান্ত অনুসন্ধান শেষ করবে নির্বাচন কমিটি।