কানসাস-টেক্সাসে ডেমোক্র্যাটদের রেকর্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ একই সঙ্গে এক দলের হাত থেকে অন্য দলের হাতে চলে যাওয়ার ঘটনা বিরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনটি ঘটেছে মাত্র তিনবার; ১৯৪৬, ১৯৯৪ ও ২০০৬ সালে। এবারের মধ্যবর্তী নির্বাচন সেই ইতিহাসে চতুর্থ ঘটনা যুক্ত হচ্ছে। ডেমোক্র্যাটদের জয়ের বিস্তার এতটাই ব্যাপক যে একে ঐতিহাসিক নির্বাচনী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য নয়, রিপাবলিকানদের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটিতেও তারা উল্লেখযোগ্য জয় পেয়েছেন। এর মধ্যে ৯৪ বছর পর কানসাসে এবং ৩২ বছর পর টেক্সাসে ক্ষমতায় ফিরেছে ডেমোক্র্যাটরা।

কানসাসে রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন। সিএনএন জানিয়েছে, এর মধ্য দিয়ে ১৯৩২ সালের পর প্রথমবারের মতো অঙ্গরাজ্যটি থেকে ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হলেন তিনি। অথচ ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানসাসে ১৬ শতাংশ পয়েন্টের বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন। বিজয়ী ভাষণে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন হ্যামিলটন। ট্রাম্পের শুল্কনীতি ও খাদ্য সহায়তা কমানোর মতো পদক্ষেপের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের ওপরও জোর দেন তিনি। হ্যামিলটন বলেন, ‘কানসাসের মানুষÑ রিপাবলিকান, ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটাররাÑ এই বার্তা দিয়েছেন যে ওয়াশিংটনে যা ঘটছে, তা ঠিক নয়।’

টেক্সাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও রাজ্য প্রতিনিধি জেমস টালারিকো। এর মধ্য দিয়ে রাজ্যজুড়ে নির্বাচনে ডেমোক্র্যাটদের টানা ৩২ বছরের পরাজয়ের অবসান ঘটল। অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের এই জয়কে বড় ধরনের রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কেননা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প টেক্সাসে ১৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল প্যাক্সটন ২০২৩ সালের অভিশংসন ও সিকিউরিটিজ জালিয়াতির মামলা-সহ নানা বিতর্কের কেন্দ্রে ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত