আলোচনায় কিনজা হাশমি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে এবার আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে তার অভিনয়ের খবর ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এরই মধ্যে অভিনেত্রীর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। তবে পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনানের পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

‘মহব্বত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই কৌতূহল তৈরি হয়েছে। শুরুতে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম আলোচনায় আসে। শেষ পর্যন্ত কিনজা হাশমির নাম সামনে আসায় নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। ২০১৮ সালে প্রচারিত ‘ইশক তামাশা’ ধারাবাহিকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান। এ চরিত্রের জন্য হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী (নেতিবাচক চরিত্র) বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’ নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রেও রয়েছে তার কাজ। ‘কট্টার করাচি’ ও ‘শিরোস’ তার অভিনীত সিনেমা। ‘মহব্বত’-এ অভিনয়ের খবর সত্যি হলে ঢাকাই সিনেমায় অভিষেক হবে এই অভিনেত্রীর।

সর্বশেষ সর্বাধিক পঠিত