খেলাপি ঋণ কমাতে একসঙ্গে কাজ করবে বিএবি-এবিবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ এএম

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো এবং মূলধন ভিত্তি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। এ লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর যৌথ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বিএবির সদস্য ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এবিবির সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় বিএবির চেয়ারম্যান আবদুল হাই সরকার বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এর মধ্যে রয়েছে ঋণ থেকে বেরিয়ে যাওয়ার নীতিমালা (এক্সিট পলিসি), ব্যবস্থাপনা পরিচালকদের কর্মদক্ষতা মূল্যায়নে মূল কর্মসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ এবং বন্ধ শিল্পকারখানা চালুর জন্য তহবিল গঠন। এ সময় তিনি লভ্যাংশ প্রদানের নিয়ম সহজ করা এবং স্বতন্ত্র পরিচালকদের ৭৫ বছর বয়সসীমা তুলে নেওয়ার অনুরোধ জানান।

গভর্নর খেলাপি ঋণ কমানোর পাশাপাশি কৃষি ও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ট্রেজারি বিলের ওপর ব্যাংকগুলোর নির্ভরতা কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নতুন পণ্য উদ্ভাবনের জন্য ব্যাংকগুলোতে গবেষণা সেল গঠনের পরামর্শ দেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত