চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় পথচারী মাওলানা মো. জুনাইদ তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. হাশেম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশারপাড়া এলাকার বানু মিয়ার ছেলে। তিনি স্ত্রী আয়েশা আক্তার, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল আবেদীন জানান, মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’